রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২২ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অক্টোবরে প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন, জানাল ইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি আইন, প্রতিবেশী দেশের ব্যবস্থা ও সংশ্লিষ্ট আদালতের রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার বিষয়ে হাইকোর্টের রুলের বিষয়ে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি কমিশন পর্যালোচনা করবে। বিদ্যমান আইন, অন্যান্য দেশের অভিজ্ঞতা এবং এ সংক্রান্ত আইনি বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন আইন—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনের কিছু বিধান সংশোধনের বিষয়ে সরকারকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আইন সংশোধনের কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কোনো সংশোধনী আনা হলে সেখানে কার্যকর হওয়ার সময় উল্লেখ থাকবে। আর সংশোধন না হলেও বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করা সম্ভব।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। আগামী অক্টোবরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্ট মাসের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, আগের মতো এবারও একাধিক ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রথম ধাপে কোন নির্বাচন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে যেসব এলাকায় জনপ্রতিনিধি নেই কিংবা যাদের মেয়াদ শেষ হয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেসব এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব, সেসব স্থানকে গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় সরকার আইনের সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচন আরও সুন্দর ও গ্রহণযোগ্য করার চেষ্টা করবে কমিশন।

তিনি আরও জানান, নির্বাচনকে সহিংসতামুক্ত রাখা এবং একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।