বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সোমবার

২৭ জুলাই ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ’—নতুন প্রজন্মকে প্রধানমন্ত্রীর আহ্বান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তোলো, তাহলেই তোমরাই গড়ে তুলবে একটি সুন্দর বাংলাদেশ।’

সোমবার (২৭ জুলাই) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্যালারিতে বসে থাকা হাজারো শিশু-কিশোরের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষ তৈরি হবে। তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের নানা সমস্যার খবরের পাশাপাশি শিশুদের সাফল্য ও ইতিবাচক কর্মকাণ্ডও যেন সংবাদমাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব পায়। ‘আজকের এই শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তাদের অর্জনই আগামী দিনের সবচেয়ে বড় খবর হওয়া উচিত।’

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তবে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পড়ার সময় মন দিয়ে পড়বে, আর খেলার সময় মন দিয়ে খেলবে।’ একই সঙ্গে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি আহ্বান

পরিবেশ সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট, নদী-নালা বা পুকুরে কেউ ময়লা ফেললে তা নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজনে নিজেরাই ময়লা নির্ধারিত স্থানে ফেলবে। পাশাপাশি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

সরকারের সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রী বলেন, যারা পড়াশোনা, খেলাধুলা, গান, ছবি আঁকা কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে এগিয়ে যেতে চায়, সরকার তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এর জন্য নিজেদের যোগ্য ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

বিজয়ীদের হাতে ট্রফি

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, ক্রেস্ট ও চেক তুলে দেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায় পেরিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।