মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রাক থেকে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ট্রাকচালক মো. কামাল উদ্দিন সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ইয়াবার চালান চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে সাতকানিয়া উপজেলার বিওসি মোড় এলাকায় বায়তুশ শরফ মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ঢাকা মেট্রো-ট-১৬-৩৫০৪ নম্বরের একটি হলুদ রঙের ট্রাক থামানো হয়। পরে ট্রাকটির ড্রাইভিং সিটের ডান পাশের বিশেষভাবে তৈরি একটি চেম্বারে স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেলের ভেতর ৪০টি নীল পলিজিপার প্যাকেট থেকে মোট ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৫ হাজার টাকা। এ ঘটনায় ট্রাকচালক মো. কামাল উদ্দিন সিকদারকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মধ্যম হলদিয়া এলাকার বাসিন্দা।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা ট্রাকসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।