বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ জুলাই ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৭ বছরের শিশু মাহফুজ হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে মো. আল আমিন (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লাশ গোপনের অপরাধে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় হত্যার আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তার মরদেহ পাশের বেড়িবাঁধের খালে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর নিহত শিশুর বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।