রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৯ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, দুই পক্ষের ঘোষিত কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই সময় ও একই স্থানে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভা এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি, জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণার কারণে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।