শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বুধবার

২৯ জুলাই ২০২৬

১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই সফর, ১৪৪৮ হিজরি

Logo

যশোরে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের দাবি, একসময় সাধারণ জীবনযাপন করলেও পরে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দিয়ে চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন ডেভিড ইমন। বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি পান।

এছাড়া দুবাইয়ে অবস্থান করে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে গুলিবর্ষণ এবং হামলার ঘটনাও ঘটানো হতো বলে জানিয়েছে পুলিশ।