বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বুধবার

২৯ জুলাই ২০২৬

১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই সফর, ১৪৪৮ হিজরি

Logo

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা, যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন মোরশেদ আলম (২৫) নামে এক যুবক। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোরশেদ আলম রেললাইনের ওপর দাঁড়িয়ে পরিবারের সদস্যদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে সামনে এগিয়ে আসছিল। ট্রেনের ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিও ধারণে ব্যস্ত থাকায় মোরশেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তা উপেক্ষা করেন। একপর্যায়ে ট্রেনটি খুব কাছে চলে এলে তিনি রেললাইন থেকে সরে যেতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ বলেন, ট্রেনচালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, আহত যুবকের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।