রবিবার
০২ আগস্ট ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, তারা নতুন কিছুই দেখতে পাচ্ছেন না, তখনকার ফ্যাসিস্টরা যা করেছে তার হুবহু একটি ফটোকপি এখন তাদের মধ্যে দেখা যাচ্ছে।
রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। সভার আয়োজক ছিল বাংলাদেশ লেবার পার্টি।
সভায় জামায়াতের আমির বলেন, তারা নিজেরাই বলেছেন যে তারা ধানখেতে, পাটখেতে ছিলেন, অথচ জুলাই গণ-অভ্যুত্থানের সেই স্মৃতি তারা ভুলে গেছেন। যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটিই এখন তারা ধারণ করছেন বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, বিএনপির একজন অ্যাকটিভিস্টকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে তাকে সেখানে বসানো হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, জনগণের অভিপ্রায়কে যারা সম্মান করে না, জনগণ তাদের অন্তর থেকে প্রত্যাখ্যান করে, যার ফলে অনেকে শেষ পর্যন্ত দেশেও থাকতে পারে না, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, শেখ হাসিনা চোখ নষ্ট করার যে কাজ শুরু করেছিলেন, তা আবার শুরু করার তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, এভাবে ক্ষতিগ্রস্ত করে চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, একজন প্রমোশন পেতে পেতে সচিব হয়ে গেছেন। তার ভাষায়, সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না, শুধু দলীয় একটা পদ থাকলেই হবে।