সোমবার
০৩ আগস্ট ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে সক্রিয় হয়ে উঠবে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি বর্তমানে তেমন কোনো কার্যকর রাজনৈতিক তৎপরতা চালানোর সক্ষমতা রাখে না।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একজন সাংবাদিক জানতে চান, ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝে-মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।”
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
সম্প্রতি আওয়ামী লীগকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয় দলটির সভাপতি শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে। গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে, ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবারের মতো একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত ওই ভার্চুয়াল মতবিনিময় সভায় তাঁর যুক্ত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ত্যাগ করেছিলেন।