সোমবার
০৩ আগস্ট ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাজধানীর জলসিঁড়ি আবাসিক এলাকায় চালু হয়েছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (এআইআইআই)’ নামের ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ঢাকার বাইরে সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোরেও এই ইনস্টিটিউট কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (৩ আগস্ট) সেনাপ্রধান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থানে ইনস্টিটিউটগুলোর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে এআইআইআই প্রতিষ্ঠা করা হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই এআইআইআই প্রতিষ্ঠিত হয়েছে।
আইএসপিআরের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি শিক্ষা, আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সেখানকার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।