বুধবার
০৫ আগস্ট ২০২৬
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সফর, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে—এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের আমন্ত্রণ মূলত বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য।
মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নাকি বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রচলিত কূটনৈতিক রীতির অংশ হিসেবেই নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে বিমসটেক সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই প্রক্রিয়ায় অন্যান্য আঞ্চলিক জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।