বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৫ আগস্ট ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ১০

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষই অন্তত ২০ জন আহত হওয়ার দাবি করলেও ১০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরাও আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন সাফওয়ান, শিফাত, আল আমিন, হেলাল, রবিউল, মনিরুল ইসলাম, হাফিজ, আব্দুল্লাহ আল বাকি, হৃদয় ও তরিকুল ইসলাম।

হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আজমাইন অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বাধা দিলে শিবিরের নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ছাত্রদলের ১০ থেকে ১১ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

একই ধরনের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সিফাত। তিনি বলেন, কর্মসূচির সময় বহিরাগতদের নিয়ে শিবিরের মিছিল করতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে ছাত্রদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে ছাত্রশিবিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।