বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির মুখে পড়েছে সোনা। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার গহনার দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়ে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম বৃদ্ধির কারণে নতুন করে সোনা ও রুপার গহনার মূল্য সমন্বয় করা হয়েছে। এদিন স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট প্রতি ভরি সোনা: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ৩১ জুলাইও প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র দুই দফায় ভালো মানের সোনার দাম বেড়েছে মোট ১২ হাজার ৭২ টাকা।
শুধু সোনাই নয়, রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ২৪ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩৩ টাকা (প্রতি ভরি)।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে এই নতুন মূল্যেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।