বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৬ আগস্ট ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘ভিসা পাইয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি প্রতারণা, সতর্ক করল ভারতীয় হাইকমিশন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ভিসা ও কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার বিষয়ে বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

হাইকমিশন স্পষ্ট করে জানায়, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসাসহ সব কনস্যুলার সেবা নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

বার্তায় আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষকে ভিসার নামে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।