বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে দিলীপ সর্দ্দার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ সর্দ্দার ওই গ্রামের মৃত নিকুঞ্জ সর্দ্দারের ছেলে।
নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে দুপুরে বাড়ির অদূরে সারোয়াতলী এলাকার একটি পুকুরে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।