শুক্রবার
০৭ আগস্ট ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির ৮ যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।