শুক্রবার
০৭ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। বিদায়ী টেস্ট খেলতে ওই বছরের অক্টোবরে দেশে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাকে।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারসহ সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
তিনি বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।”
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে যুক্তরাষ্ট্রে অবস্থান নেন সাকিব। সে সময় তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্যও ছিলেন। এখনও জাতীয় দল থেকে অবসর না নেওয়া এই অলরাউন্ডার দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলতে চান।
এদিকে, সরকার পতনের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে সাকিব বলেন, যদি এখনই তার দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন।
সাকিবের ভাষায়, “নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।”
এছাড়া সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন সাকিব। তার দাবি, ওই অনুষ্ঠানে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন।