শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১১ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘ইজ অব ডুইং বিজনেস’ নিশ্চিতে ডিরেগুলেশনের ঘোষণা: অর্থমন্ত্রী

সিনিয়র রিপোর্টার:: বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষকতামূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এখানে কে কার সঙ্গে পরিচিত, এই সরকারের অধীনে এসব চলবে না। সে যে পদেরই মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, বর্তমান সরকারের আমলে পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে।

এর মূল উদ্দেশ্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি নিরাপদ ও সুবান্ধব পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

তিনি আরও বলেন, ব্যবসা সহজ করা অর্থাৎ ‘ইজ অব ডুইং বিজনেস’ নিশ্চিত করতে বিগত দিনে বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে যেসব বাধা তৈরি করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বাজেটেই ডিরেগুলেশনের ঘোষণা দেওয়া হয়েছে।

এই ডিরেগুলেশন বাস্তবায়ন ও কার্যকর করার লক্ষ্যে নেওয়া অনেকগুলো উদ্যোগের একটি হলো চট্টগ্রামে আজকের এই যৌথ সভা।

অর্থমন্ত্রী বলেন, আজকের সভায় মূলত এনবিআর ও বন্দরের যৌথ উদ্যোগে কাস্টমস ও পোর্টের কার্যক্রম যেন গভীর ও ঝামেলাহীনভাবে চলতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কাস্টমসের রেগুলেশন জটিলতা এবং বন্দরে অতিরিক্ত খরচের কারণে সাধারণ মানুষকে উচ্চ দ্রব্যমূল্যের চাপে পড়তে হয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি এসব জটিলতায় ব্যবসায়ীদেরও পরিচালন খরচ বাড়ে বলে জানান তিনি।