বুধবার
১২ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আজ বুধবার (১২ আগস্ট) পৃথিবীর উত্তর গোলার্ধের একটি বিস্তৃত অঞ্চলে ঘটতে চলেছে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় একশ কোটি মানুষ এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ও এশিয়ার বেশিরভাগ অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না।
গ্রহণের ছায়াপথ শুরু হবে আর্কটিক অঞ্চল থেকে, এরপর তা গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড অতিক্রম করে গিয়ে শেষ হবে স্পেনে। স্পেনের বিভিন্ন স্থান থেকে সূর্য প্রায় সোয়া দুই মিনিটের জন্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে চলে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এছাড়া লন্ডন ও প্যারিসসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন শহর, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার একাংশ থেকে গ্রহণটির আংশিক রূপ দেখা যাবে।
বাংলাদেশের আকাশে অবশ্য আজ এই দৃশ্যের কোনো ছাপ পড়বে না, কারণ দেশটি গ্রহণের দৃশ্যমান সীমার বাইরে অবস্থিত।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ঢাকা থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট, তবে সেটি হবে সামান্য আংশিক গ্রহণ—সূর্যের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ অংশ সেদিন চাঁদের আড়ালে পড়বে, স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটা নাগাদ যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
আগামী দুই দশকে ঢাকাবাসীর জন্য আরও কয়েকটি আংশিক গ্রহণ অপেক্ষা করছে, যার মধ্যে সবচেয়ে বড়টি ঘটবে ২০৩৪ সালের ২০ মার্চ, যখন সূর্যের প্রায় ৫৮ শতাংশ ঢাকা পড়বে চাঁদের ছায়ায়। এর বাইরে ২০৩১ সালে প্রায় ৪২ শতাংশ, ২০৩৫ সালে ৪৩ শতাংশ এবং ২০৪২ সালে প্রায় ৪৫ শতাংশ সূর্য ঢাকা পড়তে দেখা যাবে।