বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বুধবার

১২ আগস্ট ২০২৬

২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দশ বছরের লিভ-ইন সম্পর্কের ইতি, বিয়ে করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের খবর নিশ্চিত করেছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবদম্পতির একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। তাদের আঙুলে শোভা পাচ্ছিল বিয়ের আংটি।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো–জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। দীর্ঘ এই সময়ে তারা একসঙ্গে একটি পরিবার গড়ে তুলেছেন। রোনালদোর ক্যারিয়ারের বিভিন্ন সাফল্য ও কঠিন সময়ে জর্জিনাকে পাশে থাকতে দেখা গেছে।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তারা বিয়ের জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার স্মৃতিও তুলে ধরেছিলেন।

রোনালদো জানিয়েছিলেন, বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই এক রাতে তিনি জর্জিনাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। সেই মুহূর্তে তাদের দুই সন্তানও ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়ে যায়।

জর্জিনা শুধু রোনালদোর সঙ্গীই নন, তার সন্তানদেরও দীর্ঘদিন ধরে মায়ের মতো করে লালন-পালন করছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করায় বিশ্বজুড়ে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই ফুটবল মহাতারকা ও জর্জিনা।

দীর্ঘদিনের প্রেমের পরিণতি হিসেবে রোনালদো–জর্জিনার এই বিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ।