শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

১৩ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হেলমেট পরুন, বেপরোয়া গতি নয়—চালকদের সতর্ক করল পুলিশ

শাহরিয়ার মুনির জিসান: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় পথসভা ও মতবিনিময় করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যানবাহনচালক, পথচারী ও শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।

পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন এবং নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলক হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়।

পথচারীদের রাস্তা পারাপারে সতর্ক থাকা এবং চালকদের যাত্রী ও পথচারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। একই সঙ্গে সবাইকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ জানায়, দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।