রবিবার
১৬ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
গতকাল ১৫ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে এ অভিযান চালানো হয়। ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী মালিকানাধীন ‘রয়েল টার্চ’ নামের একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় গোপন বৈঠকের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আলোচনার জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই ভবনে জড়ো হয়েছিলেন বলে সংবাদ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী হিসেবে গ্রেপ্তার হন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)।
গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এছাড়া সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং থানায় ১২ নম্বর মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।