সোমবার
১৭ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ব্যাটারিচালিত অটোরিকশাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ই-রিকশার ব্যাটারি শুধু সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার শর্ত আরোপ করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ করা হলে রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশার বিষয়ে আইন পাস হয়েছে। বর্তমানে এ সংক্রান্ত বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালা চূড়ান্ত হলে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে এসব ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ই-রিকশার ব্যাটারি রিচার্জের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস থেকে ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশার নিবন্ধন দেওয়া হবে না। একইভাবে বিদ্যমান নিবন্ধনের মেয়াদ শেষ হলে তা নবায়নও করা হবে না।
প্রতিমন্ত্রী আরও জানান, নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধন ফি, নিবন্ধন নবায়ন ফি এবং নিয়ম ভঙ্গকারীদের জন্য জরিমানার বিধান রাখা হবে।
সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রবণতা বন্ধ করতে এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।