শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৮ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: লিবিয়ার বেনগাজীতে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দূতাবাস জানায়, দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লিবিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে অবস্থান করেন।

পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। এ প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এ নিয়ে দুই দফায় লিবিয়া থেকে মোট ৫১৪ জন বাংলাদেশি দেশে ফিরলেন।