শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২০ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাষ্ট্রপতি ভোট সামনে রেখে ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।

সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়। দীর্ঘদিন ধরেই এ বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে ৭০ অনুচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ কতটা বাড়বে এবং এর প্রভাব রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় কীভাবে পড়বে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।