রবিবার
২৩ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে আট জনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ শনিবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধারের কথাও জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত সাকিবের বাবার নাম মোঃ নজুম উদ্দিন। তাদের বাড়ি চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকায়। সাকিব বিসিক এলাকায় একটি ময়দার মিল ফ্যাক্টরিতে চাকরি করতেন।
র্যাব কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার প্রায় ৮-১০ দিন আগে অভিযুক্তদের একজন মোঃ ইমন এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যান। সাকিব এর প্রতিবাদ করে এলাকাবাসীর সহায়তায় ফোনটি উদ্ধার করে দেন, যা নিয়ে ইমন ও তার সহযোগীর সঙ্গে সাকিবের বিরোধ সৃষ্টি হয়।
তারা আরও জানান, গত ২০ আগস্ট সন্ধ্যায় সাকিব ও তার প্রতিবেশী নাবিল হাসান জিসান অটোরিকশায় করে মোহরা মৌলভী বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে মোহরা কামাল বাজারস্থ লায়লা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রধারী কয়েকজন তাদের রিকশার গতিরোধ করে। ইমন সাকিবকে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
এরপর উপস্থিত অন্য অভিযুক্তরাও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় তিনজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২১, তারিখ ২১ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩০২/৩৪ ধারায়)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার সূত্র ধরে র্যাব-৭-এর একটি দল আজ চট্টগ্রাম জেলা, মহানগরী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আট আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইমন (২২), মোঃ রায়হান (২৫), মোঃ শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মোঃ সাকিব হোসেন (১৮), মোঃ আছমান (২৩) ও মোঃ ফয়সাল (২৩)।
সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।