শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রবিবার

২৩ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষায় গুরুত্ব: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, “আমাদের গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।”

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে কারিগরি শিক্ষা নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখে সরকার এগিয়ে যাচ্ছে এবং এ কারণে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে কারিগরি শিক্ষায় দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের দক্ষ করে বিদেশে পাঠানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

এহছানুল হক মিলন বলেন, “জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।”

তিনি জানান, দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আলাদা প্রকল্প নেওয়া হচ্ছে।

জাতীয় সংলাপে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান তরিকুল ইসলাম চৌধুরী।