বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


রোজি চৌধুরী : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোডের কাদের টাওয়ারে অবস্থিত আটলান্টিক ডিস্ট্রিবিউশন নামক মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিষ্ঠানের সুপারভাইজার আরাফাত আমিন বিভিন্ন বিকাশ এজেন্টকে টাকা সরবরাহের কথা বলে অফিস থেকে ৫০ লাখ টাকা নিয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তিনি আর অফিসে ফেরেননি।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আরাফাত আমিন তার বাবা নুর মোহাম্মদ ও পূর্বপরিচিত মোহাম্মদ রিয়ুর সঙ্গে যোগসাজশে টাকা আত্মসাৎ করেন।
অর্থের একাংশ, প্রায় ২০ লাখ টাকা, ব্যাংক হিসাবের মাধ্যমে তৃতীয় অভিযুক্তের অ্যাকাউন্টে স্থানান্তর করে তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
প্রতিষ্ঠানের পক্ষে বাদী হেড অব অ্যাকাউন্টস মোঃ ইফতেখার হোসাইন এজাহারে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আরাফাতের বাবা নুর মোহাম্মদ উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেন।
উল্লেখ্য, আরাফাতকে নিয়োগের সময় তার বাবা নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকার করেছিলেন যে ছেলের কারণে প্রতিষ্ঠানের কোনো আর্থিক ক্ষতি হলে তিনি নিজে দায়ী থাকবেন।
এ ঘটনায় পেনাল কোডের ৪০৮/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় গত ২৫ আগস্ট কোতোয়ালী থানায় মামলা (নম্বর ৬১) রুজু হয়।
মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) নিবির আহমেদ। তিনি চট্টগ্রাম জার্নালকে বলেন, ‘এখন পর্যন্ত আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।’