বুধবার
২৬ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই দুর্যোগের সময়ে নেপালের সরকার ও জনগণের পাশে থাকার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির খবরে তিনি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন এবং যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইল।’
তিনি আরও বলেন, ‘এই চরম বিপদের সময়ে নেপালের যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি।’
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটকও রয়েছেন।
নেপালের পাশে থাকার ঘোষণা সংসদীয় কমিটির
এদিকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।
কমিটির এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় থাকা পরিবারগুলোর প্রতিও সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংহতি প্রকাশের বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়ে মানবিক ও উদ্ধার সহায়তার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে অভিজ্ঞ একটি জাতি হিসেবে বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
দুর্যোগকবলিত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করার কথাও জানিয়েছে কমিটি।
নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।