শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৭ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, ফটিকছড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪

শাহরিয়ার মুনির জিসান: চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ মোবারক হোসেন ওরফে কালা মোবারকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশ ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মোবারক ও তার সহযোগীরা গুলি ছোড়ে, জবাবে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মাসুদ হত্যা মামলার সূত্র ধরে অভিযান

গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় শুরু হওয়া তদন্তের সূত্র ধরেই এই অভিযান পরিচালিত হয় বলে জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর আগে ওই হত্যা মামলায় জড়িত আফসার, ধামা ইলিয়াস ও দিদারকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল।

পাশাপাশি বড় সাজ্জাদ বাহিনীর কমান্ডার ডেভিড ইমনসহ বাহিনীর একাধিক সদস্যকেও গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গ্রেফতার মোবারক ওই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত আসামি। তার হেফাজত থেকে উদ্ধার হওয়া একটি ৯ মিলিমিটার পিস্তল হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ব্রাজিলে তৈরি অস্ত্রটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে। অস্ত্রটি কীভাবে অপরাধীদের হাতে পৌঁছাল, তা তদন্ত করছে পুলিশ।

কে এই কালা মোবারক

পুলিশের দাবি, গ্রেফতার মোবারক (৩৭) শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ভাষ্যে, বড় সাজ্জাদ বাহিনীর নির্দেশে সংঘটিত অধিকাংশ খুন ও চাঁদাবাজিতে মোবারক নিজেই অংশ নিতেন।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ

অভিযানে ব্রাজিলে তৈরি একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল, ইতালিতে তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, পাকিস্তানে তৈরি একটি বিদেশি রিভলবার এবং একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া ৯ মিলিমিটার পিস্তলের ১৮ রাউন্ড ও ৭.৬৫ মিলিমিটার পিস্তলের ৫ রাউন্ড গুলি, তিনটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের গুলির খোসা এবং চারটি শটগানের গুলির খোসাও উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন

গ্রেফতার ব্যক্তিরা হলেন মানিকপুরের বাসিন্দা, মোঃ লোকমানের ছেলে মুহাম্মদ মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক (৩৭); শাহনগরের বাসিন্দা, বদিউল আলমের ছেলে মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০); শাহনগর পল্লানপাড়ার বাসিন্দা, মৃত আমির হোসেনের ছেলে মোঃ ফরিদ (৫০); এবং একই এলাকার বাসিন্দা, মৃত শমসু সওদাগরের ছেলে মোঃ নাছির (৫২)। সবাই ফটিকছড়ি থানাধীন লেলাং ও কাঞ্চনগর ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জেলায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।