শুক্রবার
২৮ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়া হাজী নজির আহমেদের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
দণ্ডপ্রাপ্ত মোশারফ পৌরসভার অলি বেকারি এলাকার একটি স-মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতে মোশারফ ইয়াবা বিক্রির কথা স্বীকার করেন। পরে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।