শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শুক্রবার

২৮ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘সব ঘটনার ওপর ঘনিষ্ঠ নজর রাখছি’—মক্কা চুক্তি নিয়ে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:: মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারত ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।”

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হতে পারে। তাঁর ভাষায়, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এখনো চুক্তিতে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি। চুক্তির সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব তাদের পালন করা উচিত।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো বিরূপ মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।