শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

২৯ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চাঁদাবাজিতে বাধা, হৃদরোগী নেতার বুকে ধাক্কা—থেমে গেল জীবন

নিজস্ব প্রতিবেদক: নগরের চান্দগাঁও থানা এলাকায় সড়কে অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসানোর প্রতিবাদ করার জেরে ফজল আমিন (৫৫) নামের এক যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে, যাতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। ফজল আমিন নগরের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরের ওমর আলী মাতবর সড়কে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে জোবায়ের হক ইনানের অভিযোগ, স্থানীয় এক স্কুলের সামনে ভ্যান বসানোয় শিক্ষার্থী ও যানবাহন চলাচলে দীর্ঘদিন সমস্যা হচ্ছিল।

এ নিয়ে কিছুদিন আগে এলাকাবাসীর এক বৈঠকে স্কুলের সামনে ভ্রাম্যমাণ দোকান না বসানোর সিদ্ধান্ত হলেও শুক্রবার সেখানে ফের দোকান বসানো হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহজাহান ও তাঁর ছেলে ফজল আমিনের বুকে ধাক্কা দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন ছেলে ইনান। তিনি আরও জানান, তাঁর বাবার আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাহজাহান সড়কে ভ্রাম্যমাণ দোকান বসানোর সুযোগ করে দিয়ে নিয়মিত চাঁদা তুলতেন। স্কুলের সামনে দোকান বসানো নিয়ে আপত্তি ওঠার পরও তা অব্যাহত রাখাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত বলে জানাচ্ছেন এলাকাবাসী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ জানান, ওমর আলী মাতবর সড়কে ধাক্কা খাওয়ার পর অসুস্থ বোধ করেন ফজল আমিন এবং হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে, যাতে মো. শাহজাহানকে প্রধান আসামি করা হয়েছে এবং স্থানীয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফজল আমিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।