শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুধবার

০২ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, লিটার এখন ২০৪ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। নতুন এ দর কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে ভোজ্যতেল নিয়ে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। একই সঙ্গে অন্যান্য প্যাকেজের দামও নতুন নির্ধারিত দরের সঙ্গে সমন্বয় করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

যুদ্ধের প্রভাবে আমদানিতে চাপ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হওয়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে বাজারে সরবরাহ নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

এর আগে গত ১২ এপ্রিল বাণিজ্যমন্ত্রী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে সময় দাম বাড়ানো হবে না—এমন ইঙ্গিত দেওয়া হলেও পরে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

গত বছরও বেড়েছিল দাম

এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা করা হয়। একই সময়ে পাঁচ লিটারের বোতলের দাম ২৫ টাকা বেড়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছিল।