বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি স্বাক্ষর করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।
পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসের। তার সফরের মধ্যেই ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের এ চুক্তি সই হলো।
এর আগে গত জুনে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১০০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়।
১৯৬৮ সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। পরিশোধনাগারটির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা ২০১০ সালে নেওয়া হলেও অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে নানা জটিলতায় তা বারবার পিছিয়ে যায়। নতুন এই চুক্তির ফলে প্রকল্পটির সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়ার পথ তৈরি হলো।
চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী আইএসডিবির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।