শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

০৫ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছুই জানে না দিল্লি: রণধীর জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক:: নয়াদিল্লিতে আয়োজিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যোগ দিচ্ছেন কি না, সে বিষয়ে ভারত সরকার কিছু জানে না বলে জানিয়েছে দিল্লি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই মন্তব্য করেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক দেশ ভারত।

এর আগে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পরও প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। তবে এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথা এখনো ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্বেগ বা সাম্প্রতিক বক্তব্য সম্পর্কিত প্রশ্নের বিষয়ে জয়সোয়াল জানান, এ সংক্রান্ত কোনো উদ্বেগের কথা দিল্লির জানা নেই।

সম্প্রতি দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রদান নিয়ে ঢাকা গভীর আপত্তি জানায় এবং তাঁর প্রত্যর্পণের দাবি তোলে। এসব বিষয় নিয়ে কূটনৈতিক আলোচনার মধ্যেই ব্রিকস সম্মেলন কেন্দ্রিক এই স্পষ্টীকরণ এলো।