রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: হানাহানি ও সংঘাত এড়িয়ে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না, কোনো রক্তপাত নয়। দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই বলে মন্তব্য করে তিনি বলেন, যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে, তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, বরং আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে যুবসমাজের উদ্দেশেও বক্তব্য দেন রাষ্ট্রপতি। তিনি তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, শুধু চাকরি ও ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সবাইকে নিয়ে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবনের বিনিময়েও কাজ করার প্রত্যয় থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে বিভেদ নয়, পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।