রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচতলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দুপুর সাড়ে ১টার দিকে রাজধানীর সত্য নিকেতনের শিব মন্দিরের কাছে ‘হোস্টেল ডেজ’ নামে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনটি ধসে পড়ে। ভবনটি প্রায় ৪৫ থেকে ৫০ বছরের পুরোনো বলে জানা গেছে।
দুর্ঘটনার পর দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিস্ট্রিক্ট রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন।
স্থানীয় সূত্র জানায়, ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল। ভবনটির নিচতলায় সংস্কারকাজ চলছিল। কাজ চলার মধ্যেই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।
পাশের ভবনের বাসিন্দারা জানান, ধসের আগে তারা হঠাৎ ভূকম্পনের মতো অনুভূতি পান। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটি ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন।
ভবন ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।