বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০৮ সেপ্টেম্বর ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হরমুজে নতুন করিডর, জাহাজ চলাচলে ‘নিয়ন্ত্রিত এলাকা’ আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন করিডরের মানচিত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে ওমান ও পারস্য উপসাগরে নতুন ‘নিয়ন্ত্রিত এলাকা’ ঘোষণার কথা জানিয়েছে তেহরান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে নতুন সামুদ্রিক করিডরের মানচিত্র প্রকাশ করতে পারে ইরান। তবে ঠিক কবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, নতুন নিয়ন্ত্রিত এলাকা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরুর স্থান থেকে পারস্য উপসাগরের বিভিন্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হবে। এ এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক হুমকি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্য উপসাগর থেকে নৌ-অবরোধের সীমা পর্যন্ত একটি সামুদ্রিক নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তুলে অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেজায়ি সম্ভবত কাসেম বসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন। ইরানের দাবি, হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র হামলা এড়িয়ে গেছে।

ইরান কাসেম বসির ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা বাড়ানোর দাবি করেছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির গতিপথে এমন পরিবর্তন আনা হয়েছে, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধেও এর নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর বলে দাবি করেছে দেশটি।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে নতুন নিয়ন্ত্রিত এলাকা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইরান। দীর্ঘদিন ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবিলা করা দেশটি বর্তমানে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ আরোপের ইরানি উদ্যোগ আন্তর্জাতিক জ্বালানি ও নৌপরিবহন ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।