শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১১ সেপ্টেম্বর ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খুলশীতে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের খুলশীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে অভিযান চালিয়ে ওই ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। পুলিশ জানায়, গ্রেপ্তার বিদেশি নাগরিকেরা প্রায় দেড় মাস আগে ওই এলাকার এক দুবাইপ্রবাসীর একটি বাড়ি ভাড়া নেন। সেখানে অবস্থান করে তাঁরা অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

সিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধ করে আসছিলেন।

এসব কর্মকাণ্ড পরিচালনায় তাঁদের দেশি ও বিদেশি সহযোগী রয়েছে। তাঁদের কয়েকজন সহযোগী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাঁদের পলাতক সহযোগীরা পরস্পরের যোগসাজশে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। এ ছাড়া আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমেও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে তাঁদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ ও একটি অ্যাপল ব্র্যান্ডের ট্যাব উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র ও একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।