শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: মায়েরা যাতে স্বস্তিতে এবং শিশুরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে মাতৃদুগ্ধ পান করতে পারে, তা নিশ্চিত করতেই চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এই কর্নার দুটি স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কর্ণফুলী ব্রিজ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আসেন, যাদের মধ্যে অনেক মা ছোট শিশুদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। উপযুক্ত ও নিরিবিলি পরিবেশের অভাবে মায়েরা অনেক সময় সন্তানদের প্রয়োজনীয় সময়ে দুধ পান করাতে পারেন না। মায়েরা যাতে জনসম্মুখে অস্বস্তিবোধ না করেন এবং শিশুরা সময়মতো মাতৃদুগ্ধ পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
একজন চিকিৎসক হিসেবে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “শিশুর জীবনের প্রথম ছয় মাস মায়ের দুধ অত্যন্ত প্রয়োজনীয়। মায়ের দুধে থাকা পুষ্টি উপাদান শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
একটি সুস্থ ও মানবিক নগর গঠনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের এমন সেবা নিশ্চিত করা চসিকের জনবান্ধব ব্যবস্থাপনারই অংশ।” পর্যায়ক্রমে নগরীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও পতেঙ্গাসহ অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানেও এ ধরনের ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ বলেন, “চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারটি চালু হওয়ার পর প্রথম এক মাসেই ১৩৫ জন মা সেবা গ্রহণ করেছেন। নির্মাণকাজ চলার সময়ও দেখা গেছে মায়েরা এসে সন্তানকে দুধ পান করানোর জন্য কয়েক মিনিট স্থানটি ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। এসব ঘটনা থেকেই স্পষ্ট হয়, নগরীতে এমন নিরাপদ জায়গার কত বেশি প্রয়োজন ছিল।”
চসিক মেয়র ও নগরবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, পতেঙ্গা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করা হবে। উল্লেখ্য, ডাকবাক্স ফাউন্ডেশনের বাস্তবায়িত এই কার্যক্রমের মূল স্লোগান—‘যতনে যতনে ভরে উঠুক বাংলাদেশ।’
উদ্বোধনী অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিইও মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।