রবিবার
২০ সেপ্টেম্বর ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাজধানী ঢাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। নগরীর বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি গণপরিবহন ও যাত্রীবাহী বাসে আগুন এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার পর প্রায় একই সময়ে রাজধানীর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিপরীত পাশে ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামে একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যার পর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
এতে মো. বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁও এবং মিরপুরের কাফরুল এলাকায় বাস আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
রাজধানীতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীজুড়ে ২০০টিরও বেশি পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট এবং টহল বাড়ানো হয়েছে। ঢাকার চার প্রবেশপথে বিশেষ নজরদারির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।