সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ সেপ্টেম্বর ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার গুরুত্ব পাবে।

সফরসূচি সংক্ষিপ্ত হলেও নিউইয়র্কে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ বিভিন্ন বিষয়ে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ দুটি বিশেষ সাইড ইভেন্ট আয়োজন করবে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে অধিবেশনকে ঘিরে জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের বর্তমান সরকারের নীতি, অগ্রাধিকার ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।