সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। স্বাভাবিক চার পায়ের পাশাপাশি বাছুরটির পিঠ ও পেছনের অংশে আরও তিনটি অতিরিক্ত পা রয়েছে। অস্বাভাবিক শারীরিক গঠনের এই বাছুরকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার দুদু মিয়ার পাহাড় এলাকায় খামারি মো. মাসুদের একটি গাভী বাছুরটির জন্ম দেয়। মাসুদ ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
বাছুরটির সাত পা নিয়ে জন্মের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেটিকে দেখতে ভিড় করছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে খামারি বাছুরটি তাদের দেখাতে সম্মতি দেননি।
হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, বাছুরটির চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শের ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মালিকপক্ষকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, কী ধরনের জিনগত ত্রুটি বা শারীরিক কারণে বাছুরটির এমন অস্বাভাবিক গঠন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।