বুধবার
২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি ‘নিয়ন্ত্রণহীন’ সংস্থা হিসেবে আখ্যায়িত করে এর সকল সদস্য রাষ্ট্রকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই তার সামরিক বাহিনীর সদস্য কিংবা কোনো নাগরিককে এমন একটি বিচারিক কাঠামোর মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার বা নিয়ন্ত্রণ নেই। সার্বভৌমত্বের সুরক্ষায় মার্কিন নীতির পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইসিসির সদস্য দেশগুলোকে এ সংস্থা থেকে সরে আসার তাগিদ দেন।
আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, সংস্থাটি বিশ্বের প্রকৃত নিপীড়ন ও নৃশংসতার দিকে নজর না দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন ট্রান্সজেন্ডার নীতি এবং অভিবাসন আইন প্রয়োগের মতো বিষয়ে নাক গলাচ্ছে।
ট্রাম্প আরও বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হলেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ সে বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে।”
আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক বক্তব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।