বুধবার
২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চলতি বছর দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী বছরের শুরুতে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। সরকারের লক্ষ্য আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা।
নির্বাচনের প্রস্তুতি ও বাজেট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কোনো ঝুঁকি তৈরি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি আপাতত এতে কোনো ঝুঁকি বা সংকট দেখছেন না। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কেন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, তা তাঁর জানা নেই বলে জানান তিনি।
এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশজুড়ে স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এসব ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের প্রথম ধাপে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ সফল হলে পরবর্তীতে আরও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।