শুক্রবার
২৫ সেপ্টেম্বর ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কুমিল্লার আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
এর আগে মামলাটির তদন্ত করছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, মামলার তদন্তভার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। আজ-কালের মধ্যে মামলার যাবতীয় নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করবেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট দাখিলের আশাবাদ ব্যক্ত করেন রাজিব আহমেদ।
যেভাবে হত্যার শিকার অপ্রতিম
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) ও মো. সিয়াম (১৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, সিয়াম ছাড়া গ্রেপ্তার অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের আদেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।