রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৭ সেপ্টেম্বর ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কোনো চাপের মুখে বোয়িং চুক্তি নয়, দেশীয় স্বার্থই অগ্রাধিকার: মাহদী আমিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সরকারের নাম ব্যবহার করে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যে-ই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই কঠোর আইনি তৎপরতা শুরু করেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়া এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাহদী আমিন দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “সরকারের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ফায়দা লোটার বা অপকর্মে জড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে অত্যন্ত সক্রিয় রয়েছে এবং কাউকেই আইনের ঊর্ধ্বে বিবেচনা করা হবে না।”

জাতিসংঘ সফরের সফলতা ও বাণিজ্য চুক্তি:

প্রধানমন্ত্রীর পাঁচ দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফরের সার্বিক মূল্যায়ন করে মাহদী আমিন জানান, এবারের সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মাত্র চার দিনে প্রধানমন্ত্রী অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা, কৃষি, প্রযুক্তি, নারী উন্নয়ন এবং তরুণ সমাজের ক্ষমতায়নের কথা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।

সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি নিয়ে ভূরাজনৈতিক বা কূটনৈতিক চাপের গুঞ্জন খণ্ডন করেন তিনি। উপদেষ্টা নিশ্চিত করেন, কোনো প্রকার চাপের মুখে এই চুক্তি করা হয়নি; বরং সম্পূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থ, উপযোগিতা ও লাভ-ক্ষতি বিবেচনা করেই দেশ ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর পৌঁছে প্রতিনিধি দলটি ফুলেল শুভেচ্ছা লাভ করে।