সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৮ সেপ্টেম্বর ২০২৬

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কিশোরদের আড্ডায় পুলিশের অভিযান, চট্টগ্রামে আটক ৪৪৫

নিজস্ব প্রতিবেদক: কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এর মধ্যে ৩৫৪ জন কিশোর এবং মাদক ও অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

অভিযানে থানায় আনা ৩৫৪ জন কিশোরের মধ্যে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৪৫ জনকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখতে বলা হয়।

পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং তাদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা জরুরি।

এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।