সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: হৃদরোগ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও বৈজ্ঞানিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এবারের প্রতিপাদ্য ‘Don’t Miss a Beat’ বা ‘একটি স্পন্দনও যেন বাদ না পড়ে’। চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র বলেন, হৃদরোগ এখন শুধু বয়স্ক মানুষের সমস্যা নয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন ও মানসিক চাপসহ নানা কারণে তরুণদের মধ্যেও ঝুঁকি বাড়ছে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, হৃদরোগের অনেক লক্ষণ খুব সূক্ষ্ম হতে পারে। বুকব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মেয়র বলেন, স্বাস্থ্যকর নগর গড়তে হলে শুধু রাস্তা, ড্রেন বা অবকাঠামো উন্নয়ন করলেই হবে না; নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রামকে সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা এবং রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদেরও হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন করতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন এবং চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চমেকের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নুরুদ্দিন তারেক।
সহযোগী অধ্যাপক ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ও ডা. আনিসুল আউয়াল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু ইউছুপ মো. নুরদ্দীন জাহাঙ্গীর, ডা. এম সালেহ উদ্দিন সিদ্দিকী, ডা. মো. খোরশেদ আলম, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ, ডা. সৈয়দ মিশকাতুন নূর, ডা. আজিজুর রহমান মজুমদার, ডা. ইকবাল মাহমুদসহ মেডিসিন ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা হৃদরোগের সূক্ষ্ম ও লুকায়িত লক্ষণ চিহ্নিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার ও অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।